খাদ্যে বিষক্রিয়া
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে এক শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ওই পরিবারের অপর দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার রাতে ওই গ্রামের সিরাজুল ইসলামের সন্তান তোফাজ্জুল ইসলাম (১০), সাথী আক্তার (৭) এবং ও রবিউল ইসলাম(৪) খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সাথী আক্তারকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সাথী স্থানীয় ব্রাক স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। এছাড়াও আশংকাজনক অবস্থায় অপর দুই ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডাঃ হায়দার আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ‘ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের দেখে তথ্য সংগ্রহ করি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
