‘তরুণ’ এলিফ্যান্টের সামনে বাংলার মোহনবাগান

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

উপমহাদেশের ফুটবলের অন্যতম বড়ো বিজ্ঞাপন  মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। শেখ কামাল ক্লাব কাপেও ঠিক তাই। কলকাতার ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি আজ রবিবার লাওসের ইয়ং এলিফ্যান্ট ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শেখ কামাল ক্লাব কাপে নিজেদের যাত্রা শুরু করবে।

শেখ কামাল ক্লাব কাপে প্রথমবারের মতো অংশ নেওয়া মোহনবাগান বেশ শক্ত-সমর্থ এক দল নিয়েই এসেছে চট্টগ্রামে। অথচ মোহনবাগান তাদের অনূর্ধ্ব ২৩ দলকে পাঠাচ্ছে, টুর্নামেন্টের আগে এমন একটা গুঞ্জন চলছিল বেশ জোরেশোরেই।

স্প্যানিশ কোচ কিবো ভিকুনার অধীনে দলটিতে আছেন পাঁচজন স্প্যানিশ খেলোয়াড়। দলের অধিনায়ক ফ্রাঞ্জ গনজালেসও স্প্যানিশ। স্পেন-অধ্যুষিত মোহনবাগানে আছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার দানিয়েল সাইরাস, যার ঝুলিতে আছে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা।

আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টকে কোচ ভিকুনা দেখছেন বেশ গুরুত্ব দিয়েই। জানালেন পরবর্তী মৌসুমের প্রস্তুতি হিসেবে এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। স্প্যানিশ কোচের ভাষ্য, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা। কারণ পরবর্তী মৌসুমের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটাকে দেখছি আমরা।’

তিনি আরো যোগ করেন, প্রথম ম্যাচটার জন্য মুখিয়ে আছে তার দল। ভিকুনা বলেন, ‘এখানে আমরা সেরা দলটাকে নিয়েই খেলতে এসেছি।’

মোহনবাগান অনূর্ধ্ব ২৩ দল না পাঠালেও লাও প্রিমিয়ার লিগের তৃতীয় দল ইয়ং এলিফ্যান্ট এফসিকে অনূর্ধ্ব ২৩ দল বলে দেওয়া যায় অনায়াসেই। দলের গড় বয়স যে ২৩-এর বেশি হবে না কোনোক্রমেই! এছাড়া ক্লাবের বয়স হিসেবেও বেশ নতুনই দলটি। চার বছর আগে ২০১৫ সালে যাত্রা শুরু করা দলটি এবারই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

তরুণ দলটিতে আছেন লাওস জাতীয় দলের চার খেলোয়াড়। তবে দলটিতে নেই কোনো বিদেশি ফুটবলার। বন্দরনগরীর টুর্নামেন্টটি থেকে অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য তারুণ্যনির্ভর দলটির; জানালেন কোচ ভি সেলভারাজ, ‘বেশ তরুণ দল নিয়ে এসেছি আমরা। টুর্নামেন্টের প্রতিটি দলই বেশ শক্তিশালী। শিক্ষা আর অভিজ্ঞতা অর্জনই এখানে প্রধান লক্ষ্য।’