ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী আকলিমা বেগম। গতকাল শনিবার ভোরে যাত্রাবাড়ীর কোনাপাড়া আলামিন রোডে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঐ দম্পতির ছেলে ফোরকান জানান, তার বাবা জাহাঙ্গীর গতকাল ভোর ৫টার দিকে টিনশেড বাসার বাথরুমে গোসল করতে যান। সেখানে ওপর থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে তার বাবার গায়ে পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে সেখানে মা তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৬টার দিকে জাহাঙ্গীর মারা যান। আর বেলা দেড়টার দিকে মারা যান আকলিমা। ফোরকান আরো জানান, তার বাবা জাহাঙ্গীর রাজমিস্ত্রি ছিলেন। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি থানার বালিপাড়ায়।
পুলিশের ডেমরা জোনের সিনিয়র এসি রবিউল ইসলাম রবি বলেন, ভোরে বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রী মারা যান। টিনশেড ঐ ঘরের মাঝ দিয়ে সরু রাস্তা, দুপাশেই টিনের ঘর। তা পার হয়ে সবাই গোসল করতে যান। সরু ঐ পথের ওপর দিয়ে বিভিন্ন ঘরে বিদ্যুতের তার গেছে। জানা গেছে, ঐ পথে যাতায়াতে আগেও অনেকে বিদ্যুত্স্পৃষ্টে আহত হয়েছেন।
