সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি। গতকাল শনিবার জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শ্রম উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে একটি বাসের সঙ্গে অপর একটি ভারি যানের সংঘর্ষে ঐ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৬ জন মারা গেছেন। বাকি চারজন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। নিহতদের দেহ পুড়ে ছাই হয়ে গেছে। মদিনার আল-মিকাত হাসপাতালে তাদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। ঐ হাসপাতালের ফরেনসিক বিভাগ জানিয়েছে, স্বজনরা যোগাযোগ করলে মৃতদেহ শনাক্ত করার ব্যাপারে তারা সহযোগিতা করবে। বাস কোম্পানি জানিয়েছে, বাসটি রিয়াদ থেকে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে। ঐ ১৩ জনের মধ্যে দুই জন মদিনায় নেমে যান। বাকি ১১ জন বাসে ছিলেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস বাস কোম্পানির কর্তৃপক্ষের কাছ থেকে ১৩ বাংলাদেশির আকামা নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা এসব তথ্য দিতে পারেনি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সার্বিক অবস্থা পর্যালোচনায় দেখা যায়—ডিএনএ পরীক্ষা ব্যতীত মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কনস্যুলেট সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
