ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব গ্রেফতার হয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) গতকাল রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে। তারেকুজ্জামান রাজিব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান। এ নিয়ে ক্যাসিনোবিরোধী অভিযানে মোট ১৯ জন গ্রেফতার হলো। এরআগে ১১ অক্টোবর সিলেটর শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজিবকে গ্রেফতারে র্যাব গতকাল রাত দশটার দিকে বাড়িটি ঘিরে রাখে। পরে বাড়ি তল্লাশি করে রাত ১১টার দিকে রাজিবকে আটক করা হয়। তিনি বলেন, অভিযান শুরুর পরপরই রাজিব আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ বাড়িটিতে তল্লাশি চলছিল।
র্যাব জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে নিয়ে তার বাসা ও কার্যালয়ে অভিযান চালানো হবে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলাসহ অন্যান্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
