নকল বন্ধের অভিনব পন্থা!

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০০:৪৩

পরীক্ষার হলে নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের কর্নাটকের এক কলেজ। শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের ‘অমানবিক আচরণের’ কারণ দর্শাতে কলেজটির ব্যবস্থাপনা কমিটিকে নোটিশ দিয়েছে রাজ্যটির প্রি-ইউনিভার্সিটি এডুকেশন বোর্ড। দায়ীদের শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা। বুধবার ভগত পিইউ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন মিডটার্ম পরীক্ষায় নকল ঠেকাতে এ অভিনব পদ্ধতি ব্যবহারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে যায়। ছবিতে সব পরীক্ষার্থীকে কার্ডবোর্ডের বাক্স পরেই পরীক্ষা দিতে দেখা যাচ্ছে। বাক্সগুলোর যে অংশ শিক্ষার্থীদের মুখের দিকে ছিল, কেবল সেদিকেই সামান্য ছিদ্র করা ছিল। -টাইমস অব ইন্ডিয়া