আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:০৮

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ঝিন্টু বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ২টি রিভালবার, ২ রাউন্ড গুলি ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রবিবার দুপুরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় ঝিন্টুর স্ত্রী তাহমিনাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিক্তিতে বেলা ১১টার দিকে ঝিন্টু বেপারী বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রিভালবার, ২ রাইন্ড গুলি ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তবে ঝিন্টু পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। একই দিন বেলা সাড়ে ১১টায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সেন্টুর বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন: তিনতলা থেকে নিচে পড়েও বেঁচে গেলো শিশু

অভিযানের বিষয়ে সেন্টুর স্ত্রী তানিয়া সুলতানা ও চাচী আনোয়ারা বেগম জানান, বেলা ১২টার দিকে ডিবি পরিচয়ে ১০/১২ জন্য সদস্য বাড়িতে ঢুকে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন সূত্রে বিষয়টি আমরা শুনেছি। তবে এ ব্যাপারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কেউ আমাদের কাছে আসেনি।

উল্লেখ্য, সম্প্রতি ঝিন্টু বেপারীকে রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

ইত্তেফাক/বিএএফ