বিনোদন রিপোর্ট
বিয়ের পর নায়িকাদের সিনেমার সংখ্যা কমে যায়। বলিউডের এই বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও দিন শেষে হিসেবটা এমনই। আনুশকা শর্মা, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন। প্রায় সমসাময়িক সময়ে গাঁটছড়া বাঁধেন তারা। এরমধ্যে দীপিকার সিনেমার ব্যস্ততার খবর পাওয়া গেলেও বাকিদের চেহারা যেনো ভুলতে বসেছেন ভক্তরা। গতবছর আনুশকার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও। এই বছর এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি তার। আনুশকার শেষ সিনেমা ‘জিরো’। শাহরুখ খানের সঙ্গে এই সিনেমাটির পর নতুন সিনেমা নির্বাচন করতেও একটু ভাবতে হয়েছে তাকে। কারণ এত বড় বাজেটের একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ। তাই পরবর্তী সিনেমার ক্ষেত্রে সতর্ক হতে চান আনুশকা। তিনি বলেন, ‘সিনেমা বাছাইয়ে ভুল করতে চাই না। এজন্য এই বছর আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী।’
আনুশকা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘সেভেন’। ছবিটি ১৯৮২ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন এবং হিমা মালিনীর হিট ছবি ‘সাত পে সত্তা’র রিমেক। ছবিতে হূত্বিক রোশনের বিপরীতে অভিনয় করবেন আনুশকা।
এই ছবির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এতে জুটি বাঁধছেন বলিউডের দুই স্টার পরিচালক ফারাহ খান আর রোহিত শেঠী। রোহিত ছবির প্রযোজক হিসেবে থাকবেন। পরিচালনা করবেন ফারহা খান।
সিনেমাটি প্রসঙ্গে ফারাহ বলেন, ‘সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আমরা দিচ্ছি না। দিওয়ালির পর সব চূড়ান্ত হলে এই ঘোষণা দেওয়া হবে।’
প্রথমবারের মতো হূত্বিকের সঙ্গে জুটি বাঁধবেন আনুশকা। এদিকে চলতি সময়ে ‘ওয়ার’ সিনেমাটি মুক্তি পেয়েছে হূত্বিকের। এখন পর্যন্ত বেশ সফলতার সঙ্গেই চলছে সিনেমাটি।
