২৩ শিক্ষকের কাছে ‘সর্বহারা’ পরিচয়ে মোটা অংকের চাঁদা দাবি

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:২৪

নড়াইলের দু’টি সরকারি কলেজের ২৩জন শিক্ষকের কাছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল ‘জনযুদ্ধ’ ও ‘সর্বহারা’ পরিচয় দিয়ে প্রায় ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। শনিবার ও রবিবার বিভিন্ন সময়ে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ‘হাতকাটা বিপ্লব’ পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়। 

চাঁদার টাকা না দিলে পরিবারের সদস্যসহ ওই শিক্ষকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

আরও পড়ুন: ব্যবসায়ী বিকাশ সাহা হত্যায় চারজনের ফাঁসি

জানা যায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আব্দুর রহিমসহ এ বিভাগের অন্য শিক্ষক আবুল হাসনাত খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফদার সাজ্জাদ হোসেন টিপু ও প্রসেনজিৎ দাস, অর্থনীতি বিভাগের এহসানুল হক, উদ্ভিদবিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত, রসায়ন বিভাগের হাসানুজ্জামান ছাড়াও কলেজের ২০ শিক্ষকের কাছে জনযুদ্ধ ও সর্বহারা পরিচয়ে দুই লাখ টাকা করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই টাকা বিকাশ নম্বরে দিতে বলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে মোবাইল ফোনে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং  হত্যার হুমকিও দেওয়া হয়েছে। 

এদিকে শনিবার সন্ধ্যায় নড়াইল সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষকের কাছে একইভাবে জনযুদ্ধ পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। 

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রভাষক তরফদার সাজ্জাদ হোসেন টিপু জানান, রবিবার সকালে কলেজে অবস্থানকালে ১১টা ২৯ মিনিটে ০১৯৪৭-৯০৮৯৯৮ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে টাকা দাবিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। 

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ‘বিষয়টি শিক্ষকদের মাধ্যমে অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ইত্তেফাক/এএএম