রাজশাহীকে হারিয়ে শীর্ষে খুলনা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

এক ঝাঁক তারকা ক্রিকেটের সমাগম হয়েছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। অপেক্ষাকৃত বেশি তারকা ভরপুর খুলনা বিভাগই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে। লড়াইয়ের চেষ্টা করেছে রাজশাহী বিভাগ। কিন্তু ব্যাটে-বলে ‘প্রায়’ জাতীয় দলখ্যাত খুলনার দাপটের সামনে লড়াইটা জমাতে পারেনি রাজশাহী। ম্যাচের ফলাফল হয়ে গেছে

গতকাল চতুর্থ দিনের সকালেই।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে গতকাল রাজশাহীকে ৭ উইকেটে পরাজিত করেছে খুলনা। লিগে এটি তাদের প্রথম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে খুলনা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ১৩.৭। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানের জোয়ার বইয়ে দেয়া ঢাকা-রংপুর বিভাগের ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। ৬.৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা। রংপুর ৫.২২, রাজশাহী ৪.৬১ পয়েন্ট সংগ্রহ করেছে।

খুলনায় দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য স্বাগতিকদের টার্গেট ছিল ১২৩ রান। গতকাল শেষ দিনে প্রয়োজন ছিল ১০৮ রান। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে ১৮.১ ওভারে আরো ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ২২.১ ওভারে ৩ উইকেটে ১২৩ রান তুলে জয় নিশ্চিত করে আব্দুর রাজ্জাকের দল। সৌম্য অপরাজিত ৫০, মিরাজ অপরাজিত ১৪, মিঠুন ২৭, ইমরুল কায়েস ২২ রান করেন। রাজশাহীর সানজামুল, মোহর শেখ ও শফিউল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছিলেন নুরুল হাসান সোহান। যার কারণে খুলনার প্রথম ইনিংসের স্কোরটা ৩০০ পার হয়েছিল। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ঢাকা বিভাগের বিশাল স্কোরের জবাবটা পরিপূর্ণভাবেই দিয়েছে রংপুর বিভাগ। লিটন দাস, নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরিই ম্যাচের গন্তব্য ঠিক করে দিয়েছিল। গতকাল রংপুরের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৫০৮ রানে। গতকাল শেষ ৫ উইকেটে আরো ১৭৪ রান যোগ করে রংপুর। নাঈম ইসলাম ফিরেছেন ১৩৫ রান করে। তানবির হায়দার করেন ৭৩ রান। লোয়ার অর্ডারে সোহরাওয়ার্দী শুভর ব্যাটেই ৫০০ ছাড়ায় রংপুরের স্কোর। একপ্রান্ত আগলে অপরাজিত ৯২ রান করেন তিনি। এছাড়া রবিউল হক ৩৪, সাজেদুল ১১ রান করেন। ঢাকার পক্ষে সালাউদ্দিন শাকিল-নাজমুল অপু ৩টি করে, সুমন খান ২টি উইকেট নেন।

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা ৩ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ঢাকার ব্যাটসম্যান সাইফ হাসান ম্যাচ সেরা হন।

এনসিএল

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী-খুলনা বিভাগ

রাজশাহী : ২৬১ ও ১৭০

খুলনা : ৩০৯ ও ২২.১ ওভারে ১২৩/৩

(সৌম্য ৫০*, মিঠুন ২৭, ইমরুল কায়েস ২২, মিরাজ ১৪*; শফিউল ১/১৫, সানজামুল ১/২০, মোহর শেখ ১/৩০)

ফল : খুলনা বিভাগ ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : নুরুল হাসান সোহান (খুলনা)

ঢাকা-রংপুর বিভাগ

ঢাকা : ৫৫৬/৮ ডিক্লেয়ার ও ৩ ওভারে ১০/০

(নাজমুল অপু ৯*, আব্দুল মজিদ ১*)

রংপুর : ১৮০.৫ ওভারে ৫০৮ (নাঈম ইসলাম ১৩৫, সোহরাওয়ার্দী শুভ ৯২*, তানবির হায়দার ৭৩, রবিউল হক ৩৪, সাজেদুল ১১; সালাউদ্দিন শাকিল ৩/৮৫, নাজমুল অপু ৩/১৪৬, সুমন খান ২/৯২, তাইবুর রহমান ১/৩৯, শুভাগত ১/১১৬)

ফল : ম্যাচ ড্র

ম্যাচ সেরা : সাইফ হাসান (ঢাকা)