সূচক বেড়ে সপ্তাহের লেনদেন শুরু
ইত্তেফাক রিপোর্ট
পতনের ধারা কাটিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সূচক সামান্য বাড়লেও অধিকাংশ শেয়ারের দর গতকাল কমেছে। বিনিয়োগকারীদের আস্থাসংকটে দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে তারল্যসংকট চলছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই পতনের মধ্যে ছিল শেয়ারবাজার। রবিবার মূল্যসূচক কিছুটা বাড়লেও কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে মিউচ্যুয়াল ফন্ডের শেয়ার দর। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫২টি কোম্পানির ১০ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৮৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১২ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ১৪ লাখ টাকা। অর্থাত্ বিগত বেশ কয়েকদিন যাবত্ ৩০০ কোটির ঘরে আটকে আছে ডিএসইর লেনদেন। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৫ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজর ০৯৯ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
লেনদেন ৩০০ কোটির ঘরে আটকে থাকলেও গতকাল টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলার, প্যারামাউন্ট ইনসিওরেন্স, সামিট পাওয়ার, সোনারবাংলা ইনসিওরেন্স, অগ্রণী ইনসিওরেন্স, সিলকো ফার্মা, কন্টিনেন্টাল ইনসিওরেন্স ও ইউনাইটেড পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মালেক স্পিনিং, অগ্রণী ইনসিওরেন্স, ফার ইস্ট নিটিং, আইসিবি এমপ্লয়িজ মি.ফা. ১ স্কীম ১, সিলকো ফার্মা, আইএফআইএল ইসলামী মি. ফা. ১, এসএস স্টিল, এমএল ডাইং, ওয়াটা কেমিক্যালস ও ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আল-হাজ টেক্স, সামিট পাওয়ার, জেনারেশন নেক্সট, সিএপিএম বিডিবিএল মি. ফা., স্টাইল ক্রাফট, আরএন স্পিনিং, নাহী অ্যালুমিনিয়াম, খান ব্রাদার্স পিপি, মুন্নু স্টাফলার ও কপারটেক।
এদিকে গতকাল দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৯টির।
