ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে আমদানি রপ্তানি সহজ করতে একই প্ল্যাটফর্মে ৩৯ সরকারি প্রতিষ্ঠানের ২০৮ সেবা প্রদানে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে এ সেবা প্রদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার সিলেটের এক হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) এর লক্ষ্য ও কর্মপরিকল্পনা’ বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া এসব কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, সদস্য মাসুদ সাদিক, আইএফসির বেসরকারি খাত বিষয়ক বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি। সভাপতিত্ব করেন সিলেটের কাস্টমস্ এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার গোলাম মো. মনির। এনবিআর চেয়ারম্যান এনবিআরের মূল দপ্তর থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, দেশে বিনিয়োগের গতি বাড়াতে নতুন এ প্রকল্প এনএসডব্লিউ গ্রহণ করা হয়েছে। এতে একজন বিনিয়োগকারী আমদানি রপ্তানি সংক্রান্ত সকল সেবা অতি দ্রুত পাবে। তাকে সরকারি অফিসে অফিসে আর ঘুরতে হবে না।
নতুন এ উদ্যোগ বাস্তবায়ন হলে মিথ্যা ঘোষণায় আমদানি রপ্তানির সুযোগ কমে যাবে। অনুষ্ঠান থেকে জানা যায়, বিশ্বব্যাংকের ৭৪ দশমিক ১ মিলিয়ন ডলার ব্যয়ে এ নতুন প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্পের সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।
