খুলনায় শ্যালক হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৬

খুলনা অফিস

খুলনায় শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, কালু খাঁর বোনের সঙ্গে তার স্বামী আমিনুল খাঁর মনোমালিন্যের জেরে একই গ্রামে ভাইয়ের বাড়ি তেরখাদা উপজেলার চরকুশলা গ্রামে চলে আসেন। ২০১৭ সালের ৯ আগস্ট স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে আমিনুল তার স্ত্রী ও শ্যালক কালু খাঁর সঙ্গে বাকিবতণ্ডায় লিপ্ত হন। ঐদিন রাত পৌনে ১২টার দিকে কালু খাঁ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়লে ভগ্নিপতি আমিনুল খাঁ তাকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। স্বামীর আর্তচিত্কারে কালুর স্ত্রী ঠেকাতে এলে আমিনুল তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ১০ আগস্ট নিহত কালু খাঁর ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে একই গ্রামের লুত্ফার খাঁর ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন।