বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিভিন্ন ইস্যুতে ঐক্যফ্রন্টের জনসভাকে স্বাগত জানিয়ে বলেছেন, জোটটি রাজনীতির মাঠে সক্রিয় না থাকায় দেশবাসী আর তাদের ডাকে সাড়া দিচ্ছে না। গতকাল রবিবার রাজধানীর তথ্য ভবনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘ঐক্যফ্রন্ট রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে। কিন্তু তারা আন্দোলন করার মতো কোনো ইস্যু পাচ্ছে না।’
হাছান মাহমুদ বলেন, ‘গণতন্ত্র জোরদার করার জন্য আমরা শক্তিশালী বিরোধী দল চাই। আমরা চাই, শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকুক।’
তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি এমন অনন্য অগ্রগতি সাধন করেছেন যে, যা প্রতিটি ক্ষেত্রে বিকশিত হয়ে জাতির মাঝে সমৃদ্ধি এনেছে। গণযোগাযোগ বিভাগ (এমসিডি) বার্ষিক উদ্ভাবনী কর্ম পরিকল্পনার আওতায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উপায় উদ্ভাবনের লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের জন্য কর্মশালাটির আয়োজন করে। এমসিডির মহাপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে তথ্য সচিব আব্দুল মালেক বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।
