শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের ধান খেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজু আহমেদ পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগর ওরফে লিচু সওদাগরের ছেলে। এ ব্যাপারে মৃত রাজুর স্ত্রী নাছমিন বেগম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, রাজু দীর্ঘদিন যাবত্ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে তার নামে থানায় একাধিক মামলা হয়েছিল।
