রাজধানীর ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তের আলোকে অসামাজিক ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার তাকে বহিষ্কার করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধভাবে বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে গ্রেফতারের পর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের
পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো হলো—সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং দখলদারিত্ব।
