জাবি ভিসির বিরুদ্ধে গণিত অলিম্পিয়াড ‘বানচাল চেষ্টা’র অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘বানচাল চেষ্টা’র অভিযোগ উঠেছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে। অনুষ্ঠানের শেষ দিনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দীন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অনুরোধে তারা কেউই অনুষ্ঠানে উপস্থিত হননি বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

গতকাল রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গণিত অলিম্পিয়াডে দেশের প্রায় ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমরা এর আগে পাঁচটি অনুষ্ঠানে উপাচার্যকে আমন্ত্রণ জানালেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে উপস্থিত হননি। সেই জায়গা থেকে আমরা তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইনি।

অনুষ্ঠান না করতে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক এ এ মামুন বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। তবে আমি বলেছিলাম, উপাচার্যকে দাওয়াত না দিলে আমি অনুষ্ঠানে যাব না।’ উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমি এমনকি, আমার অফিস এই অনুষ্ঠানের ব্যাপারে অবগত ছিলাম না।’ তবে এক মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘অনুষ্ঠানের ব্যাপারে মন্ত্রী মহোদয় আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে শুধু ফ্যাক্ট তুলে ধরেছি।’