ড. কামালের নেতৃত্বে খালেদা জিয়াকে দেখতে যেতে চান ঐক্যফ্রন্ট নেতারা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৫৪

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে কারাবন্দি চিকিত্সাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে চান ফ্রন্টের শীর্ষ নেতারা। তবে খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতি পাওয়ার ওপর। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

জেএসডি সভাপতি বলেন, খালেদা জিয়ার সঙ্গে আমরা যারা দেখা করতে যাব, তাদের নামের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়ে আসব। দুই-একদিনের মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। অনুমতি পেলে ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। এদিকে, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের পিটিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের পূর্ব ঘোষিত সমাবেশের এখনো অনুমতি পাওয়া যায়নি। একথা জানিয়ে ড. কামাল বলেন, দেশে গণতন্ত্র থাকলে মিটিং-জনসভা করার অধিকার থাকত। দাবি জানাচ্ছি, সমাবেশের অনুমতি দ্রুত দেওয়া হোক। কেননা, এটা কোনো দয়ার ব্যাপার না, সাংবিধানিক অধিকার। সংগঠন করা, ঘোরাফেরা, সমাবেশ করা ও সমাবেশে মুক্তভাবে বক্তব্য রাখার অধিকার সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। রক্তের বিনিময়ে আমরা এ সংবিধান পেয়েছি।

জেএসডি সভাপতি বলেন, যারা জুয়া-দুর্নীতির বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে, তারা তো চুনোপুঁটি ধরছে। রাঘববোয়ালরা কোথায়? তাদের নাম প্রকাশ করুন। সম্রাট বলেছে, আমি একা কেন, বাকিরা কোথায়। ড. কামালের সভাপতিত্বে বৈঠকে রব ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।