একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) উপজেলার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চরভদ্রাসন সদর বাজারে সিংহ প্রতীকে তিনি প্রচারণা করেন।
নিক্সন চৌধুরী চরভদ্রাসনে আসলে কয়েক হাজার কর্মী সমর্থক তাকে শুভেচ্ছা জানায়। পরে নিক্সন চৌধুরীকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও হাজারো কর্মী সমর্থকের সতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর বাজার থেকে বের হয়ে পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক ও রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে বাজারে এসে শেষ হয়।
প্রচারণায় নিক্সন চৌধুরী। ছবি: চরভদ্রাসন সংবাদদাতা
পরে উপজেলা সদর বাজারের ৪ শতাধিক দোকানে গিয়ে সিংহ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া প্রার্থনা করেন। পুনরায় নির্বাচিত হলে আগের ন্যায় এলাকার সার্বিক উন্নয়ন করার পাশাপাশি সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন নিক্সন চৌধুরী।
আরো পড়ুন: বিশ্বব্যাংক সাড়ে ৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বাংলাদেশকে
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য মো. গোলাম রাব্বানী পান্নু কাজি, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্যা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন, সাবেক ভিপি মিজানুর রহমান, রাসেল জামান, মো. মোন্নাফ হোসেন, ইউপি সদস্য বারেক মণ্ডল, আবুল খায়ের ও কয়েক হাজারো কর্মী সমর্থক।
ইত্তেফাক/জেডএইচ
