ঝালকাঠির রাজাপুরে প্রখ্যাত আলেম গালুয়ার পীর হজরত মাওলানা আ. হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলার গালুয়ায় নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়।
বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়ির মাদরাসা এলাকায় মরহুমের জানাজা অংশগ্রহণের জন্য জনতার ঢল নামে। জানাজায় পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ দক্ষিণাঞ্চলের আলেম-ওলামা, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে আলেম-উলামারা বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, মাওলানা আ. হক ছিলেন একজন সংগ্রামী আলেমে দ্বীন ও বহুগুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন মানুষ। দীনি শিক্ষার প্রচার-প্রসার ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ইসলামি অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মাওলানা আ. হকের জানাজায় আনোয়ার হোসেন মঞ্জু। ছবি: রাজাপুর সংবাদদাতা
মৃত্যুকালে মাওলানা আ. হকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ আত্মীয়স্বজন ছাড়াও অসংখ্য মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সকল দল, মতের নেতাকর্মী, আলেম-ওলামাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।
আরো পড়ুন: বিশ্বব্যাংক সাড়ে ৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বাংলাদেশকে
ইত্তেফাক/জেডএইচ
