১০০ বল ক্রিকেট দল পাননি বাংলাদেশের কেউ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ১১ জন খেলোয়াড়ের নাম ছিল ইংল্যান্ডে শুরু হতে যাওয়া ১০০ বল ক্রিকেটের নিলামে। কিন্তু সাকিব আল হাসানসহ বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই দলে ভেড়ায়নি এই নতুন টুর্নামেন্টের আট দলের কেউ। শুধু সাকিব, তামিম নন; এখানে অবিক্রীত থেকে গেছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টের মতো খেলোয়াড়রাও।

সাতটি পারিশ্রমিক শ্রেণিতে ভাগ করা হয়েছিল ক্রিকেটারদের। সর্বোচ্চ শ্রেণির পারিশ্রমিক ছিল ১ লাখ ২৫ হাজার পাউন্ড। আর শেষ শ্রেণির পারিশ্রমিক ছিল ৩০ হাজার পাউন্ড। এর ফলে প্রতিটি দল সাত রাউন্ডের নিলাম থেকে প্রতি রাউন্ডে দুজন করে খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছিল। এর বাইরে প্রতিটা দল নিলামের আগেই ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজনসহ দুজন স্থানীয় খেলোয়াড় দলে ভিড়িয়ে রেখেছিল।

নিলামে প্রথম বিক্রি হন রশীদ খান। আর সবার শেষে বিক্রি হন লুক রাইট। প্রথম রাউন্ডে বিক্রি হয়েছেন ডি আর্চি শর্ট, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নাররা। এরপর মোহাম্মদ নবী, কেন উইলিয়ামসন, সন্দীপ লামিছানে, মোহাম্মদ আমির, ক্রিস লিনও বিক্রি হয়েছেন। বাবার আজম দল না পেলেও পেয়েছেন পাকিস্তানের শাদাব খান।

সবমিলিয়ে গতকাল নিলামে ৯৬ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। বিপরীতে ৪৭৪ জন খেলোয়াড় অবিক্রীত থেকে গেছেন।