ইত্তেফাক রিপোর্ট
গাবতলী ও আমিনবাজার এলাকা থেকে আনসার আল ইসলামের চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মুফতি সাইফুল ইসলাম, সালিম মিয়া, জুনায়েদ ও আহম্মেদ সোহায়েল। তারা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র্যাব। গতকাল কাওরান বাজারে র?্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হক।
র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতরা এখন আনসার আল ইসলামের হয়ে কাজ করলেও আগে তারা হরকাতুল জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। হরকাতুল জিহাদ ভেঙে গেলে আনসার আল ইসলামে যোগদান করেন। ইসলামি খিলাফত প্রতিষ্ঠায় যারা বিরোধ সৃষ্টি করতে চায়, শাস্তি হিসেবে টার্গেট কিলিং করাই ছিল তাদের উদ্দেশ্য। এজন্য তারা নিজেদের কাছে চাপাতি রাখতো। আটকের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোনসহ বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। সেখানে জঙ্গিবাদের প্রশিক্ষণের নানা ক্লিপস পাওয়া গেছে। সেগুলো দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং নতুন সদস্য সংগ্রহ করে। র্যাব ৪-এর অধিনায়ক আরো বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এই সদস্যের সঙ্গে আমরা আরো ২০-২৫ জন জঙ্গি সদস্যদের লিংক পেয়েছি। তাদের সবাইকে আটকের চেষ্টা চলছে।
