ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বাংলাদেশি যুবক শ্রীকান্ত রায় (৩০) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের পুত্র। রবিবার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে খবর জানিয়েছে নিহতের পরিবারের লোকজন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত বিএসএফ কোনো ধরনের মেসেজ আমাদের দেয়নি।
মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত মুঠোফোনে জানান, গতকাল রবিবার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের কাছে পৌঁছালে বিএসএফ তাকে উদ্দেশ করে গুলি করে। এতে বিএসএফর গুলিতে নিহত হয় শ্রীকান্ত।
তিনি আরো বলেন, সারারাত শ্রীকান্তের মরদেহ পড়েছিল। সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবির মাধ্যমে বিএসএফর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত বিএসএফর পক্ষ থেকে কোনো পত্র কিংবা জবাব দেয়নি।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার ফোনে বলেন, নিহতের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবির সদস্যরা পরিষ্কার ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন লাশ ফেরত নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
