বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৩৬

বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তিনি ‘ব্র্যান্ড বাংলাদেশ’-এ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বে প্রভাবশালী বিনিয়োগকারীদের কাছে যুক্তরাজ্য ব্র্যান্ড বাংলাদেশের অবস্থান তুলে ধরবে। গতকাল সোমবার রবার্ট ডিকসন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাত্কালে এসব কথা বলেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সব সময়ই পাশে থাকতে চায়। যুক্তরাজ্য সব সময়ই বাংলাদেশে বিদেশি বিনয়োগকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য শীর্ষ দেশ। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দিনে দিনে উন্নত হচ্ছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ এ সময়  তিনি যুক্তরাজ্যকে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য আহ্বান করেন।