ফেসবুকে মহান আল্লাহ ও মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কুিসত স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে চার জন মুসল্লি নিহত ও শতাধিক আহত হওয়ায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি। ভোলার ঘটনাকে পরিকল্পিত বলেও দাবি করে বিএনপি।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভোলার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে ২৩ অক্টোবর ঢাকা মহানগরীর থানায় থানায় এবং জেলা ও মহানগরীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
প্রতিবাদ কর্মসূচির ধরন কী হবে জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের থানা পর্যায়ের নেতারা পরিস্থিতি বুঝে কর্মসূচির ধরন ঠিক করবেন। সেটা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশও হতে পারে।’
