ভোলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৪৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভোলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফেসবুক আইডি হ্যাক করে পরিস্থিতি অস্থিতিশীল সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, একটি স্বার্থানেষী মহল এর আগেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। ভোলার এই ঘটনা তাদের সেই ষড়যন্ত্রেরই অংশ।

বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, অন্যের ফেসবুক হ্যাক করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি অপচেষ্টা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজ ও দেশের শত্রু। তিনি বলেন, ভোলার ঘটনা একটি মহল ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা করছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে, কঠোর হস্তে তাদের দমন করা হবে।

সেমিনারে তিনি বলেন, ‘দলগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে দলগত প্রচেষ্টা’ এই প্রতিপাদ্য নিয়ে সেমিনার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক ও বেসামরিক সংস্থাসমূহের মধ্যে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।