ভোলায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০০:৪৪

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে নিহত চার জনের দাফন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই গতকাল সোমবার বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদ্রাসা পড়ুয়া ছেলে মাহবুব (১৪), একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজানুর রহমানের লাশ নিজ নিজ এলাকায় দাফন করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, দুপুরে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, আহতদের চিকিত্সার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ নতুন কোনো দাবি নিয়ে আমাদের কাছে আসেনি, আমরা এ বিষয়ে কিছু জানি না। তবে তাদের গত রবিবার করা তিনটি দাবিই আমরা মেনে নিয়েছি। এদিকে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান জানান, প্রশাসন এখন পর্যন্ত আমাদের কোনো দাবি মেনে নেয়নি। তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি মানা না হলে চলমান আন্দোলনসহ হরতাল-অবরোধের মতো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক আরো জানান, পরিস্থিতি শান্ত রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে আমরা নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেছি, এছাড়াও আহতদের চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করেছি। নিহতদের পরিবারকে স্থানীয় সংসদ সদস্য সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

ভোলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গুলিবিদ্ধ ২৩ জন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছে।