বিচারকদের শপথ অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয় না জানি না -----------বার সভাপতি

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০০:৪৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম. আমিনউদ্দিন বলেছেন, বলা হয় বিচারক ও আইনজীবীরা একটি পাখির দুটি ডানা। তাহলে একটি ডানাকে কেন উপেক্ষা করা হয়। প্রধান বিচারপতির নিয়োগে বঙ্গবভন থেকে আমাদের জানানো হয়। আমরা সেখানে উপস্থিত থাকি। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের শপথ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয় না। এটা দুঃখজনক। গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বার সভাপতি বলেন, দেখুন আজকে বিচারকদের নিয়োগ হয়, সেখানে বিচারকদের যে শপথ হয়, সেখানে বিচারকরা থাকেন, সংবাদমাধ্যমের কর্মীরা থাকেন। কিন্তু আইনজীবী সমিতিকে জানানো হয় না। আমরা সেখানে থাকি না। অ্যাটর্নি জেনারেলকেও জানানো হয় না। আমন্ত্রণ না জানানোর কী কারণ আমি জানি না।

এ প্রসঙ্গে বার সভাপতি বলেন, একজন বিচারককে বিচার করা হয় তার জীবনের অনেকগুলো রায়ের মাধ্যমে। যদি আমার বিরুদ্ধে রায় দেন তাহলে উনি খারাপ বিচারক হয়ে গেলেন—এ ধরনের মনোভাব তো আমাদের অবশ্যই থাকা উচিত না। বিচারক যখন রায় দেন, সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ আছে। রায়ের বিরুদ্ধে কথা বলা আইনজীবী হিসেবে কোনোভাবেই কাম্য নয়।