বদি আছে, বাকের নেই

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৮:২২

সাজ্জাদ হোসেন

চাই না আমি লিখতে ছড়া

দু চোখ করে ছানাবড়া

রাজনীতিটা নিয়ে,

লেখার বিষয় অনেক আছে

নদীর মাছে, বনের গাছে

তুলির আঁচড় দিয়ে।

তোমরা তবু রাজনীতি চাও

এক বিষয়ে কী মজা পাও

বুঝি না ভাই কিছু,

সারমেয়-লেজ হয় কি সোজা?

বেহায়া চোখ হয় কি বোজা?

নাও না যতোই পিছু।

রাজনীতি আর রাজনীতি নাই

শুনবে যদি শোনো রে ভাই

জ্বলছে যে লালবাতি,

কালো টাকার কালো ছায়ায়

চাঁদাবাজির চক্রমায়ায়

মশা যে হয় হাতি।

দেশপ্রেমীরা মরে কেঁদে

ত্যাগীরা সব ফোঁসে জেদে

নেপোয় মারে দই,

দেশের তরে, দশের তরে

জানটা দেবে উজাড় করে

এমন নেতা কই?

ব্যস্ত সবাই নিয়ে আখের

আছে বদি, নেই যে বাকের

মিথ্যা দেখি জিতে,

ভাগ্য তোমার খুলবে তত

দিতে পার তেলটা যত

শীর্ষ প্রভুর হিতে।

শূন্য থেকেই মহারাজা

হবে তুমি শের-ই-খাজা

বর পেয়ে যাও যদি,

আদর্শটা পায়ে পিষে

যদি পার যেতে মিশে

পুকুর হবে নদী।