তৈরি হচ্ছে কারখানার পেশাগত স্বাস্থ্য ও সেফটি প্রোফাইল

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:১০

ইত্তেফাক রিপোর্ট

দেশে প্রথমবারের মতো কারখানাগুলোর পেশাগত স্বাস্থ্য ও সেফটি (ওএসএইচ) প্রোফাইল তৈরি হচ্ছে। এতে দেশের কারখানার কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সার্বিক চিত্র পাওয়া যাবে। সম্প্রতি এ প্রোফাইলের খসড়া অনুমোদন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ডিসেম্বর নাগাদ এই প্রোফাইল অবমুক্ত করবে মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ প্রোফাইল দেখে কারখানার কর্মপরিবেশ স্বাস্থ্য, নিরাপত্তার উন্নতি ও অগ্রগতির চিত্র পাওয়া যাবে এবং এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ সহজ হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এ কার্যক্রমে সহযোগিতা করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই প্রোফাইলে ওএসএইচ পলিসি, শ্রম আইনের এ সংক্রান্ত ধারা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের কল্যাণ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত অধিদপ্তর যেমন—কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, শ্রম আদালত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বয়লার পরিদর্শন অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, গার্মেন্টসের জাতীয় ত্রিপক্ষীয় কমিটি, সংস্কার সমন্বয় সেল, আরসিসির কার্যাবলি, সামাজিক নিরাপত্তা, বীমা, শিক্ষা, প্রশিক্ষণ উপাত্ত, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট এ্যাপলিকেশন লিমাসহ সকল কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচি, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের কার্যক্রম, বিভিন্ন প্রাপ্ত তথ্য ও উপাত্তসমূহ, শিশুশ্রম নিরসন, কারখানায় ডে-কেয়ার সেন্টার এবং সেইফটি কমিটি সংক্রান্ত যাবতীয় বিষয় এ প্রোফাইলে সংযোজন করা হয়েছে।