নিজের অবস্থান ব্যাখ্যায় মাশরাফি

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্ন উঠতে থাকে, মাশরাফি কেন ছিলেন না। পরে মাশরাফি নিজেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করেন তার অবস্থান। সেখানে তিনি বলেন, আগে থেকে তাকে কিছু না জানানোয় এই আয়োজনে ছিলেন না। তবে ক্রিকেটারদের সব দাবির প্রতি একমত বলে ঘোষণা করেন তিনি। এই ফেসবুক স্ট্যাটাসের বাইরে কোনো মন্তব্য করতে অবশ্য মাশরাফি রাজি হননি।

নিজের অনুপস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি বলেছেন, এই আয়োজন সম্পর্কে তিনি একেবারেই কিছু জানতেন না, ‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।’

এরপরই মাশরাফি বলেছেন, ক্রিকেটারদের সব দাবির সঙ্গে তিনি সবসময় একমত থাকেন; এখনো তাই আছেন, ‘ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনো আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।’

তবে তাকে একেবারে না জানিয়েই এই আয়োজন করায় কষ্ট যে পেয়েছেন, সেটাও তার কথাতে পরিষ্কার, ‘মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।’

তবে সবমিলিয়ে মাশরাফি মনে করেন, তার জানা বা না জানা এবং উপস্থিত থাকা বা না থাকার চেয়ে এই দাবিগুলো নিয়ে কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ, ‘তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড়ো কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মুর্তজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’