১০ম গ্রেডে ৭৮৭ জন নিয়োগের সুপারিশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০০:৩০

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে ১০ম গ্রেডে আরো ৭৮৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার বিকালে কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে মোট চার দফা প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ১ হাজার ৫৭৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে এ তথ্য জানান। তিনি বলেন, আরো যারা অপেক্ষমাণ আছেন, শূন্যপদের চাহিদা থাকা সাপেক্ষে তাদেরও নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৭৮৭ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় শ্রেণির পদের (১০ম-গ্রেড) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি। ২০১৮ সালের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৩১৪ জন ক্যাডার পান। বাকি ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়।