যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে অভিশংসন তদন্তকে বিচার বহির্ভূত হত্যার সঙ্গে তুলনা করেছেন। তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের তদন্তকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেন, এই ধরনের তদন্তের কোনো বৈধতা তাদের নেই। ট্রাম্প তার টুইটার বার্তায় ‘লিঞ্চিং’ শব্দটি ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রে ‘লিঞ্চিং’ শব্দটি ঐতিহাসিকভাবে ব্যবহূত হয়ে আসছে। একসময় শ্বেতাঙ্গ কর্তৃক কৃষ্ণাঙ্গদের বিচার বহির্ভূত বা গণপিটুনি দিয়ে হত্যা করা হতো। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদের দিকে ইঙ্গিত করে এই শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি। তিনি বলেন, প্রেসিডেন্ট অনেক শব্দই ব্যবহার করেন। কিন্তু মিডিয়া এগুলোকে ভিন্ন দিকে নিয়ে যায়। উল্লেখ্য, ইউক্রেন কেলেঙ্কারির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। —বিবিসি
