রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০১

রামগতিতে পূর্ব শত্রুতার জের ধরে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষে ৭ নারীসহ উভয়পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়েছে। এসময় একটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চর রমিজ ইউনিয়নের মধ্য চর আফজল গ্রামে চৌমুহনী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগতি থানার এসআই আবুল খায়ের ঘটনাস্থল থেকে ফিরে বিকেলে জানান, মীর আবু জাহের ও হাবিবুর রহমান আজাদের পরিবারের মধ্যে নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার  উভয়পক্ষে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নারীসহ উভয় পক্ষে ১২-১৩ জন আহত হয়েছেন। এ সময় হাবিবুর রহমান আজাদের বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।