বাংলাদেশের সিনেমার গানের একসময়ের বরেণ্য সংগীতশিল্পী মাহমুদুন্নবীর সঙ্গে সৈয়দ আব্দুল হাদীর সম্পর্কটা ছিল বন্ধুত্বের। যে কারণে মাহমুদুন্নবীর দুই যোগ্য উত্তরসূরি ফাহমিদা ও সামিনা সৈয়দ আব্দুল হাদীকে ‘চাচা’ বলেই সম্বোধন করেন। ফাহমিদা-সামিনাকেও সৈয়দ আব্দুল হাদী ভীষণ স্নেহ করেন। সেই প্রিয় মানুষ আব্দুল হাদীর জন্য একটি গানের সুর করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফাহমিদা নবী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী ‘জীবনের জয়গান’ প্রজেক্টের ‘আমি কেমন করে ভুলি’ গানটি সৈয়দ আব্দুল হাদীকে দিয়ে গাইয়েছেন। গানটির সুর করেছেন ফাহমিদা নবী এবং সংগীতায়োজন করেছেন ফাহমিদারই ছোট ভাই পঞ্চম। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘ফাহমিদার সুরে প্রথম গান গাইলাম। আমার কথা ভাবনায় রেখেই ফাহমিদা বেশ ভালো সুর করেছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকেরও দারুণ ভালো লাগবে।’ ফাহমিদ নবী বলেন, ‘হাদী চাচা তো আমার আব্বার বন্ধু ছিলেন। তাই তিনি যখন গান গাইছিলেন, আমি তখন কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল যেন আব্বাই গান গাইছিলেন। ধন্যবাদ হাদী চাচাকে গানটিতে কষ্ট করে ভয়েজ দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ।’ ফাহমিদা নবী জানান ‘জীবনের জয়গান’ প্রজেক্টটির সমন্বয় সাধন করছেন রাফি হোসেন ও বিটোপি দাস।
