গোপালগঞ্জে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০২

গোপালগঞ্জের কাশিয়ানীতে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের বসত ঘর থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ ওই লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মহসীন সিকদার পলাতক রয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌস সীতারামপুর গ্রামের মহসীন সিকদারের স্ত্রী ও মাগুরা জেলা সদরের ফারুক শরীফের মেয়ে। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, এ দম্পতির তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার ছুটিতে ঢাকা থেকে সীতারামপুর গ্রামের বাড়িতে আসেন জান্নাতুল ফেরদৌস। বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়।