বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুবানজা প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪ জন সশস্ত্র অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গত মঙ্গলবার ভোরে প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে ঐ ব্যক্তিরা বুবানজায় প্রবেশ করেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএনবিতে জানিয়েছেন পুলিশের সহকারী মুখপাত্র মুসা নুকুরুনজিজা।
পুলিশের সহকারী মুখপাত্র মুসা নুকুরুনজিজা জানিয়েছেন, দলটির ‘রুহাগারিকা হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের’। গত বছর বুরুন্ডিতে এক সাংবিধানিক গণভোটের আগের দিন রুহাগারিকা এলাকায় চালানো এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছিল। নুকুরুনজিজা ঐ হামলার ঘটনার কথাই উল্লেখ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ঐ গণভোটে প্রেসিডেন্ট পিয়েরে নুকুরুনজিজার ২০৩৪ সাল পর্যন্ত বুরুন্ডির ক্ষমতায় থাকার পথ পরিষ্কার হয়। কায়াঙ্গে শহরের তিন বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে তারা শহরের বাইরে থেকে আসা গোলাগুলির শব্দ শুনে পালিয়ে বনে গিয়ে লুকিয়ে ছিলেন।
