দেশীয় উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
দেশে এখন চা-উত্পাদন ঊর্ধ্বমুখী। কিন্তু সীমান্ত দিয়ে চোরাই পথে চা আসার ঘটনায় দেশীয় উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। গত ১২ অক্টোবর সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় পুলিশ একটি পিকআপসহ ১৫ বস্তা ভারতীয় নিম্নমানের চা আটক করে। এর আগে ৩ সেপ্টেম্বর জৈন্তা উপজেলার লালাখাল এলাকায় ৬৮ বস্তা ভারতীয় নিম্নমানের চা বিজিবি আটক করে। গত আগষ্ট মাসের শেষদিকেও সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া, চুনারুঘাট, তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আসা চা-এর বড়ো কয়েকটি চালান বিজিবি আটক করে।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সাফওয়ান চৌধূরী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলকে অবগত করে চোরাইপথে চা পাচার হয়ে আসা বন্ধ করার আবেদন জানিয়েছি। ‘সিলেট খান বাগানের’ ম্যানেজার হুমায়ূন কবীর ইত্তেফাককে বলেন, তাদের বাগানে গত বছর চা উত্পাদন হয় ৪ লাখ ৬৭ কেজি। এ বছর খান বাগানের উত্পাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ কেজির বেশি। গত সেপ্টেম্বর পর্যন্ত এই বাগানে ৩ লাখ ৪০ হাজার কেজি চা উত্পাদন হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত টানা চা উত্পাদন চলবে।
