দুই জন গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জে চালক সাদেক মিয়াকে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালক সাদেক মিয়া করিমগঞ্জ উপজেলার বালিয়াপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাদেক মিয়া সোমবার সকালে অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেনি। মঙ্গলবার বিকালে দেহুন্দা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি শস্যখেতে গাছের ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় সাদেক মিয়ার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী থানায় খবর দেয়।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে অটোচালক হত্যাকাণ্ডে জড়িত করিমগঞ্জ উপজেলার রৌহা-শান্তিপুর গ্রামের রফিক ও তাড়াইল উপজেলার সিংদা গ্রামের রাসেলকে গ্রেফতার এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাড়াইল ব্রিজের কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই তারা শ্বাসরোধ করে সাদেক মিয়াকে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
