কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ তিন জনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাবা উপেন্দ্র নাথ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল বাজারের ওষুধ ব্যবসায়ী সশীম কুমার রায়কে (মরাই) প্রধান করে ১৬ আসামির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, ঐ ইউনিয়নের সচিব মোহন চাঁদ মজুমদার ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর সিদ্ধার্থ বাড়ৈ নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে ধারাবাশাইল বাজারে ফেরার পথে মাচারতারা নামকস্থানে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে উত্তম কুমার বাড়ৈ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। অপরদিকে ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈকে খুলনা মেডিক্যাল কলেজ থেকে ঢাকা নেওয়া হয়েছে। এছাড়া সচিব মোহন চাঁদ মজুমদারকে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
