ঝিনাইদহে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সাত সদস্য আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা থেকে আন্তঃজেলা মোবাইল ফোন চুরি চক্রের সাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

ঝিনাইদহের মহেশপুরে বুধবার সকালে ডিবি পুলিশের হাতে তারা আটক হয়।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তারা মঙ্গলবার রাতে বিভিন্ন পরিবহনের বাসযোগে মহেশপুরের খালিশপুর বাজারে এসে নামে। এরপর সকাল সাতটার দিকে খালিশপুর বাজারের বিপ্লব কুমারের মোবাইলের দোকানের তালা ভেঙে মোবাইল ফোন ও ট্যাব চুরি করে। পরে মহেশপুর শহরের মোজাম্মেল টাওয়ারের আরিফ হোসেনের দোকানের তালা ভেঙে ঢুকে মোবাইল ফোন ও ট্যাব চুরি করে। ব্যাগভর্তি চোরাই মাল কাকলেদাড়ি মাঠে বসে ভাগবাটোয়ারা করছিল। এ সময় ডিবি পুলিশ তাদের ধরে ফেলে। তাদের ব্যাগ তল্লাশি করে ৫৩টি মোবাইল ফোন, পাঁচটি ট্যাব, ৩০টি মেমোরি কার্ড ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এব্যাপারে মহেশপুর থানাতে মামলা হয়েছে। তবে গ্যাং লিডার রুবেল পালিয়ে যায়।