স্পোর্টস রিপোর্টার
আগের দিন সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ক্রিকেটারদের দাবির মুখে পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই তাদের। সেই সঙ্গে তারা দাবি করেন, তারা ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে তাদের দাবিদাওয়া নিয়ে কাজ করেন। কিন্তু সেই সংবাদ সম্মেলনের খানিক পরই ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কোয়াব বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকতে পারেনি। আর কোয়াব কর্মকর্তারা বিসিবির পদে থাকায় এই সংগঠনের সদস্যপদও পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে ফিকা।
এসব অভিযোগের ভিত্তিতে কথা বলতে চাইলে গতকাল কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কোনো মন্তব্য করতে চাইলেন না। তিনি বললেন, তারা এই ক্রান্তিকালে আর কোনো মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে চান না। তবে এটা জানালেন যে, তারা ফিকাকে এরই মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একটা চিঠি দিয়েছেন। তারা প্রতিনিধিত্বশীল সংস্থা কি না এবং তারা ক্রিকেটারদের পাশে থাকেন কি না, এটা ব্যাখ্যা করে চিঠি দেওয়া হয়েছে বলে বলেছেন দেবব্রত, ‘আমরা ফিকাকে তাদের সংবাদ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে একটা চিঠি পাঠিয়েছি। সেটার উত্তর আসা পর্যন্ত অপেক্ষা করে তবে মন্তব্য করব।’
এ ছাড়া নিজেদের পদত্যাগ বা নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না তিনি। বললেন, এখন যখন সবকিছু সমাধান হয়ে আসছে, এরকম একটা সময়ে নতুন কোনো মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে চান না তারা।
