মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্পেনের ফুটবল ফেডারেশন গতকাল বুধবার ইতিপূর্বে স্থগিত হয়ে যাওয়া বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিখ্যাত এ লড়াইটির নতুন দিনক্ষণের কথা জানায়। উভয় দলের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছায় ফেডারেশন। ক্লাব দুটি অবশ্য এই দ্বৈরথটি অনুষ্ঠানে এই দিনটির ব্যাপারে আগেও দৃশ্যত একমত হয়েছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এ লড়াই স্পেনের কাতালান প্রদেশের ক্লাব বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হওয়ার কথা ছিল। কিন্তু কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ ৯ নেতাকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সেখানে ব্যাপক সহিংস প্রতিবাদ চলায় খেলাটি স্থগিত হয়ে গিয়েছিল।
