ইত্তেফাক রিপোট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে ১টি করে স্যাটেলাইট অগ্নিনির্বাপণ স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি কোপেনহেগেনে অনুষ্ঠিত সি ফোরটি মেয়রদের সম্মেলনে ডিএনসিসি ও কোপেনহেগেনের মধ্যে অগ্নিনির্বাপণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে অল্প সময়ের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। গতকাল বুধবার নগরভবনে আয়োজিত ‘মশক নিয়ন্ত্রণে বর্তমান কার্যক্রম এবং বছরব্যাপী কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি মেয়র।
এ সময় তিনি বলেন, ‘কিউলেক্স মশা নিয়ন্ত্রণে গত ৭ অক্টোবর থেকে কিউলেক্স মশার প্রজননস্থল চিহ্নিত করার জন্য ২ জন কীটতত্ত্ব এবং ১০ জন শিক্ষানবিশ নিয়োজিত করা হয়েছে। তারা এরই মধ্যে গবেষণা করে হট স্পট অর্থাত্ কোনো এলাকায় কিউলেক্স মশার তীব্রতা কত তা নির্ধারণ করেছেন। সে অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই গবেষণা পরিচালিত হচ্ছে।
মেয়র আরো বলেন, ‘এখন থেকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ নিজ নিজ ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ, পরিছন্নতাসহ যে কোনো বিষয়ে দায়ী থাকবেন। যার যার কৃতকর্মের জন্য তাকেই জবাবদিহি করতে হবে।’ তিনি আরো বলেন, এছাড়া পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য কয়েকটি স্কুলে বৈদ্যুতিক বাস চালু করা হবে। সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মনজুর হোসেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
