আয়করের ন্যায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বিষয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেট অফিস। দেশব্যাপী ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে গতকাল রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেট অফিসে ভিকারুন নিসা নুন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা পূর্ব ভ্যাট কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য শাহনাজ পারভীন। এ সময় চিত্রনায়িকা মৌসুমী, অতিরিক্ত কশিনার মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ ধরনের কার্যক্রম সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভ্যাট প্রদানের ক্ষেত্রে আস্থা তৈরির উপর গুরুত্ব দেন।
শাহনাজ পারভীন বলেন, এক সময় ভ্যাট থেকে দূরে থাকা কিংবা পিছিয়ে থাকার চিন্তা ছিল। পরবর্তী প্রজন্ম যাতে এ চিন্তা না করে সেজন্য শিক্ষার্থীদের সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিত্র নায়িকা মৌসুমী বলেন, একসময় ভ্যাট-ট্যাক্সকে ঝামেলা মনে করতাম, ফলে দূরত্ব তৈরি করতাম। এখন সম্পর্কের সেতুবন্ধন হচ্ছে। এবার লক্ষ্য পরবর্তী প্রজন্ম। দেশের জন্য কিছু করতে হবে। কমিশনার জামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রেস্টুরেন্টে খেয়ে চালান বুঝে নেবে। তাহলে ওই ভ্যাটের টাকা সরকার পাবে। অনুষ্ঠানে কুইজে বিজয়ী ভিকারুননিসা স্কুলের তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
