নরসিংদীর রায়পুরায় স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে আনতে গিয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক টেলিকম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল ইসলাম শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে এবং নরসিংদী শহরের একটি শপিং মলের টেলিকম ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজে ভর্তি করে দেয়ার সময় পরিচয়ের সুবাধে গত ২ অক্টোবর হাসনাবাদ গ্রামের সুরুজ মৃধার বাড়ির ভাড়াটিয়া রায়পুরা উপজেলার শ্রীনগরের শামীম মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে রহিমা আক্তারকে জোরপূর্বক বিয়ে করে নরসিংদী শহরের টেলিকম ব্যবসায়ী শফিকুল ইসলাম। পরে শফিকুলের সংসার না করে বাবার বাড়িতেই অবস্থান করছিল ওই ছাত্রী। বুধবার দুপুরে শফিকুল ইসলামসহ একদল যুবক অস্ত্রশস্ত্রসহ ওই গ্রামে গিয়ে স্ত্রী দাবি করে ওই ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল দেখা দিলে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল ইসলাম। তবে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়রা।
আরও পড়ুন: সাভার চামড়া শিল্পনগরীর ১১ প্লটের বরাদ্দ বাতিল
খবর পেয়ে আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রহিমাকে আটক করেছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
