বাংলাদেশ আয়তনে একটি ক্ষুদ্র দেশ। ঢাকা থেকে দেশের দূরতম জেলার দূরত্বও পাঁচ শ কিলোমিটারের কম। তাই বাংলাদেশে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য বিমানপথ মোটেও উপযুক্ত নয়। সুপরিসর বিমান টেক অফ করতেই গন্তব্য পেরিয়ে যায়। আর ছোট বিমান পরিচালনা করা অর্থনেতিক দিক দিয়ে লাভজনক নয়। এদিকে সড়কপথে চলাচল করা অত্যন্ত সময় সাপেক্ষ। তাই দেশে দ্রুত চলাচলের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। পাকিস্তান আমলে দ্রুত যোগাযোগের জন্য হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছিল এবং তা বেশ জনপ্রিয়ও হয়েছিল। কিন্তু আকাশে শকুনের সঙ্গে সংঘর্ষে কয়েকটি হেলিকপ্টার বিধস্ত হওয়ায় এ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এখন চিল-শকুন বিলুপ্ত প্রায়। এগুলি আর আকাশে দেখা যায় না। আর হেলিকপ্টারও অনেক আধুনিক ও নিরাপদ হয়েছে। অতএব দেশের ক্ষুদ্র আয়তনের কথা বিবেচনা করে দ্রুত যোগাযোগের স্বার্থে প্রতিটি জেলায় যাত্রীবাহী হেলিকপ্টার সার্ভিস চালু করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
