আইএসপিএবি নির্বাচনে টিম ক্যাটালিস্টর প্যানেল

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:০৭

আগামীকাল ২৬ অক্টোবর দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যনির্বাহী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অংশ নিচ্ছে আট প্রার্থীর সমন্বিত প্যানেল ‘টিম ক্যাটালিস্ট’। ভোটারদের কেন টিম ক্যাটালিস্টে আগ্রহ—এমন প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, এই প্যানেলের প্রত্যেক সদস্যই এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেট-সংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত রয়েছেন। এই প্যানেলের প্রত্যেকে ব্যবসায়ী হিসেবে সফল  এবং আইএসপি পরিবারে অত্যন্ত সুপরিচিত।

টিম ক্যাটালিস্ট বলছে, দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনের মধ্যে পুরোনো হলেও বেসিস, বিসিএস কিংবা বাক্য থেকে পিছিয়ে আছে আইএসপিএবি। মূলত দীর্ঘদিন একই নেতৃত্ব থাকায় আইএসপিএবি স্থবির হয়ে পড়েছে। ভোটাররা এই অবস্থার পরিবর্তন চায়। বিসিএস, বেসিস, বাক্য সবাই সরকারের সহযোগিতায় ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট বড়ো  পরিসরে মেলা কিংবা সম্মেলন করতে পারলেও আইএসপিএবি এক্ষেত্রে পুরোটাই পিছিয়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি হয়ে পড়েছে। আর এই পরিবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টিম ক্যাটালিস্ট। টিম ক্যাটালিস্টেও স্লোগান হচ্ছে ‘আমরা আইএসপির জন্য কাজ করি, আমরা দেশের জন্য নিবেদিত।’ মূলত ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এক ছাতার নিচে এনে সবার জন্য সুযোগ নিশ্চিত করতে চায় প্যানেলটি। এ জন্যই টিম ক্যাটালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই প্যানেলের প্রার্থীরা।

টিম ক্যাটালিস্ট প্যানেলের সদস্যরা হচ্ছেন আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, যিনি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে বিগত দুই দশক জুড়ে ১০টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। 

দেশের প্রথম ইন্টারনেট মেলার আহ্বায়ক ব্র্যাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী। তার দক্ষতা ও অভিজ্ঞতা বিডিসার্ট ও বিডিআইএক্স কার্যক্রম আইএসপিএবিকে নতুন উচ্চতায় নেবে। চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম। ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে এক দশকেরও বেশি সময় ধরে যুক্ত তিনি। আইএসপিবান্ধব নীতিমালা তৈরিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন গ্রামীণ সাইবারনেটের পরিচালক  মো. রহুল আমিন সরকার। তিনি পেশাগতভাবেই বিটিআরসি ও জাতীয় রাজস্ব-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। 

সাইবার ক্যাফে ব্যবসায়ীদের জন্য ক্যাটাগরি লাইসেন্স প্রবর্তনে ভূমিকা রাখেন জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার। ডিজিটাল বাংলাদেশের অন্যতম শক্তি তরুণ্যকে ইন্টারনেটের মাধ্যমে গতিশীল করতে কাজ করবেন বাংলাদেশ সিস্টেম এডমিন ফোরাম ও আইডিইবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী রেডহ্যাট সার্টিফাইট লেভেল থ্রি আর্কিটেক্ট বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন। ব্রিস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এফবিসিসিআই এবং সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনেরও নেতৃত্ব দিয়েছেন।

টিম ক্যাটালিস্টের ইশতেহারে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, উত্কর্ষ সাধন ও গ্রাহকসেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এই প্যানেলের প্রধান সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, দীর্ঘদিন আইএসপিএবিতে একই নেতৃত্ব থেকেছে। ফলে সংগঠনের কার্যক্রমে স্বাভাবিকভাবেই স্থবিরতা এসেছে। টিম ক্যাটালিস্টে ইশতেহারসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে (https://catalyst.team/) ঠিকানায়।