অভয়াশ্রমে বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২২

বিভিন্ন দূষণে মাছের অবাধ বিচরণ, প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থায় বিপন্ন ও প্রায় বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণসহ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি অর্থায়নে রংপুরে মাছের একাধিক অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এগারোটি অভয়াশ্রমে মাছের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যসহ বিপন্ন প্রায় মাছের প্রজাতি সংরক্ষণ, অবাধ বিচরণ, প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে মত্স্য বিভাগ। ডিসেম্বর নাগাদ আরো দুটি অভয়াশ্রম যুক্ত হবে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে। রংপুর জেলা মত্স্য জরিপ কর্মকর্তা রেজাউল করিম জানান, ২০০৭ সাল থেকে মত্স্য বিভাগ মাছের অভয়াশ্রম নিয়ে কাজ করছে। এই কার্যক্রমে জলাশয়ে মাছের উত্পাদন এখন ১৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা মত্স্য অভয়াশ্রমে প্রায় দেড় হাজারের মতো সুবিধাভোগী  রয়েছে।