স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ঈশ্বরদীতে সংঘর্ষে বৃদ্ধা নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:৪৮

মোবাইল ফোনে স্কুলছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল ও থানায় সাধারণ ডায়েরির ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহানারা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত জাহানারা বেগম মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ দাফন করা হয়েছে।

নিহত জাহানারা বেগমের ছেলে আব্দুল আজিজ জানান, ছোটো ভাই মিনারুলের ছেলে সিজান ও সাহান একই গ্রামের আজম ফকিরের স্কুল পড়ুয়া মেয়েকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে ঈশ্বরদী থানায় সিজান ও সাহানের নামে আজমের স্ত্রী রেখা খাতুন গত রবিবার জিডি করেন। বিষয়টি জানার পর সিজান ও সাহানকে ডেকে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত নয় বলে তারা জানান। সোমবার দুপুরে সিজান ও সাহান বাবলু মেম্বারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে আজমের ভাই আমজাদ ফকির, বিপু ফকির, পলাশ ও সজিব অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে সিজান ও সাহানের ওপর হামলা চালায়। হামলার ঘটনা শোনার পর বৃদ্ধ মা জাহানারা বেগমসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে তারা সবার ওপর হামলা চালায়।